ফসলি জমির মাটি বিক্রি করায় দুইজনের কারাদণ্ড
নোয়াখালীর সদর উপজেলায় ফসলি জমির মাটি বিক্রির দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন অশ্বদিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে মো. মুজিবুল হক ও একই এলাকার আবদুর রব চৌধুরীর ছেলে সাহাব উদ্দিন।
বুধবার বিকেলে উপজেলার অশ্বদিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
.png)
জানা যায়, উপজেলার কালাচাঁদপুর গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে ঘটনাস্থলে অভিযান চালায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ। এ সময় দীর্ঘদিন থেকে ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রি করায় ফসলি জমির দুই মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম থানা পুলিশ।
মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ক্রয়-বিক্রয় করায় মো. মুজিবুল হক ও শাহাব উদ্দিনকে তাৎক্ষণিকভাবে দুটি পৃথক মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদের নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।