ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাইয়ের ধানমাড়াই মেশিনে চাপা পড়ে প্রাণ গেল বোনের

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২৪
ভাইয়ের ধানমাড়াই মেশিনে চাপা পড়ে প্রাণ গেল বোনের
চৌগাছা থানা। ফাইল ফটো

যশোরের চৌগাছায় ভাইয়ের ধানমাড়াই মেশিনের নিচে চাপা পড়ে নাছরিন আক্তার আঁখি নামে দুই সন্তানের জননী নিহত হয়েছেন। তিনি উপজেলার নারায়ণপুর গ্রামের ইউসূফ আলীর মেয়ে এবং মাকাপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেবীপুর-নারায়ণপুর সড়কের বকসীপুর ত্রিমাথা বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নাছরিন স্বামী-সন্তানসহ নারায়ণপুরে বাবার বাড়িতে থাকেন। তার স্বামী চৌগাছা শহরে চায়ের দোকানি। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দেবীপুর বাজার থেকে নারায়ণপুরে বাড়িতে যাচ্ছিলেন তিনি। তবে পথে কোনো যানবাহন না থাকায় হেঁটেই রওনা দেন। কিছুদূর যাওয়ার পর দেখতে পান তার মামাতো ভাই নারায়ণপুর গ্রামের জামির হোসেন ধানমাড়াই মেশিন চালিয়ে বাড়ি যাচ্ছেন। তখন নাছরিন ভাইকে অনুরোধ করেন তাকে ওই গাড়িতে করে নিয়ে যেতে। জামির তাকে গাড়িতে নিতে অস্বীকার করেন। নাছরিনের অনুরোধে এক পর্যায়ে মেশিন গাড়ির টুলবক্সে বোনকে বসিয়ে নারায়ণপুরের দিকে রওনা দেন। কয়েকশ’ ফুট যেতেই স্থানীয় আরকে ব্রিকসের সামনে বকসীপুর তিনরাস্তার মোড় বটতলায় পৌঁছলে গাড়ি থেকে অসাবধানতায় পড়ে যান নাছরিন। এ সময় ধান মাড়াই মেশিন গাড়িটির চাকা নাছরিনের মুখের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নাছরিনের মৃত্যু হয়।

Advertisement

খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে চৌগাছা থানার এসআই মো. জাফর আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। উদ্ধারের সময় হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান এবং নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এসআই জাফর আহাম্মেদ বলেন, লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। সেখানে সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!