ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেসে আসছে বিস্ফোরণের শব্দ, মিয়ানমারের আকাশে উড়ছে হেলিকপ্টার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
ভেসে আসছে বিস্ফোরণের শব্দ, মিয়ানমারের আকাশে উড়ছে হেলিকপ্টার
কক্সবাজার সীমান্ত

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে থেমে থেমে ছোট-বড় বিস্ফোরণের শব্দ আসছে। এছাড়া হেলিকপ্টার উড়তে দেখা গেছে মিয়ানমারের আকাশে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত টানা বিস্ফোরণের শব্দ এসেছে। তারা মিয়ানমারের আকাশে চক্কর দিতে দেখেছেন বলেও জানান।

জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর শহরকে ঘিরে চলছে সংঘাত। মেগিচং, কাদিরবিল, নুরুল্লাহপাড়া, মাংগালা এবং ফাদংচা নামের কয়েকটি গ্রাম থেকে এসব বিস্ফোরণের বিকট শব্দ আসছে। এসব এলাকা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কয়েকটি ফাঁড়ি রয়েছে। বিদ্রোহীরা যেগুলোর দখল নেয়ার চেষ্টা করছে।

Advertisement

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোছাইন জানান, বৃহস্পতিবার রাতভর নাফ নদীর পূর্ব ও দক্ষিণাংশের ওপারে মিয়ানমারের ভেতর থেকে থেমে থেমে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। শুক্রবার সকালে দুইটি বিকট শব্দে এপারের মাটি কেঁপে ওঠে। এছাড়া দুপুরের দিকেও থেমে থেমে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, গতকাল রাত থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত মিয়ানমার সীমান্ত এলাকা থেকে গোলাগুলির আওয়াজ শুনতে পান তারা। মাঝেমধ্যে তারা মাটি কাঁপানো শব্দও শুনেছেন।

মোহাম্মদ আমিন নামে শাহপরীর দ্বীপের এক ব্যবসায়ী জানান, শুক্রবার সকালে শাহপরীর দ্বীপের ওপারে মিয়ানমারের মংডুতে হেলিকপ্টার উড়তে দেখা গেছে। এর কিছুক্ষণ পর বিকট দুইটি শব্দে কেঁপে ওঠে সীমান্ত এলাকা।

টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহি উদ্দিন আহমেদ জানান, মিয়ানমারের অভ্যন্তর থেকে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী জানান, মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি ও কোস্টগার্ড টহল বৃদ্ধি করেছে। এছাড়া সীমান্ত এলাকায় বসবাসরত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!