শনিবার বিকেল সোয়া ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন পার্বতীপুর স্টেশনের মাস্টার রেজাউল করিম। এর আগে, শনিবার সকাল পৌনে ৮টার দিকে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
জানা গেছে, চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে গুলপাড়া এলাকায় পৌঁছলে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০ টার দিকে একটি টুল ভ্যান এসে বগিটি উদ্ধার কাজ শুরু করে। বিকেল ৩টা ১০মিনিটের দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
.png)
ট্রেনের চালক আব্দুস সাফী বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতের বিষয়টি নজরে আসে। ঘটনাস্থলের লাইন গোলাই হওয়ায় এবং লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
পার্বতীপুর স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু করা হয়। বিকেল সোয়া ৩টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।