তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল
২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা মামলায় তার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠনের শুনানির তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তানজিন তিশার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক।
.png)
এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তানজিন তিশা। এর আগে গত ১২ জুলাই তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।
জামিন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তানজিন তিশা অভিযোগ অস্বীকার করে বলেন, ২৮ হাজার টাকার একটি শাড়ি আত্মসাতের অভিযোগে তাকে আদালতে আসতে হয়েছে। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে এমন ঘটনায় আদালতে আসা তার কাছে কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। আইনকে শ্রদ্ধা করেন বলেই আদালতে এসেছেন বলে জানান অভিনেত্রী।
তিশার দাবি, মামলায় অনেক মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। তিনি শাড়ি আত্মসাৎ বা প্রতারণার মতো কোনো কাজ করেননি।
এ সময় মামলার বাদীকে নিয়েও অভিযোগ করেন তিশা। তার ভাষ্য, বাদী একজন নারী এবং নিজের স্বামীর ক্ষমতা ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা করেছেন। তাকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ভবিষ্যতে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান অভিনেত্রী।
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন।
তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরে আদালত সেই প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই তিশাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।