সালমান-আনিসুলের মামলায় সাক্ষ্যগ্রহণ ২৬ অক্টোবর
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
.png)
এদিন রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা ছিল। তবে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আদালতে হাজির হতে পারেননি। পরে প্রসিকিউটর মিজানুল ইসলাম সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল নতুন তারিখ নির্ধারণ করেন।
সকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের শুনানির সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলায় হত্যা, উসকানি ও প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ২০২৫ সালের ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তা আমলে নেন। পরে ২০২৬ সালের ১২ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। বর্তমানে মামলাটিতে সাক্ষ্যগ্রহণ চলছে।
এর আগে ২২ ফেব্রুয়ারি থেকে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এছাড়া সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়েও ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে।