ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শিগগিরই বাংলাদেশ ছাড়ছেন।

সাক্ষাতের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানান ইয়াও ওয়েন।

Advertisement

বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে গুরুত্বারোপ করেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই দেশের মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। চীনা রাষ্ট্রদূত এর আগে ২০ সেপ্টেম্বরও সরকারের বিভিন্ন পর্যায়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।

ইয়াও ওয়েন ২০২৩ সালের জানুয়ারিতে ঢাকায় চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন। তার দায়িত্বকালে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে দুই দেশ কাজ করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!