ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

হামজা-ফারহান সাফে খেলতে কাল ঢাকায় আসছেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৫, ৮ নভেম্বর ২০২৬
হামজা-ফারহান সাফে খেলতে কাল ঢাকায় আসছেন
হামজা-ফারহান ।। ছবি: সংগৃহীত

বাংলাদেশের দুই প্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে যোগ দিতে ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন। সেদিনই জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। একই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট কাটিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছে।

সাফের নিয়ম অনুযায়ী এবার ২৮ জন ফুটবলার নিবন্ধন করিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ২৬ জন খেলোয়াড় শুরু থেকেই প্রস্তুতি নিচ্ছেন। ক্লাবের ম্যাচ থাকায় দেরিতে যোগ দিচ্ছেন হামজা ও ফারহান।

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ওয়ার্মআপের সময় চোট পেয়ে ছিটকে যাওয়া তপু বর্মণকে নিয়েও ইতিবাচক খবর মিলেছে। বিদেশি ফিটনেস ট্রেনারের অধীনে পুনর্বাসনে থাকা তপু দ্রুত উন্নতি করছেন। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাকে খেলানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ।

আজ শনিবার কিংস অ্যারেনায় অনুশীলনের সময় জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘গত ম্যাচে সেরা একাদশে তপু বর্মণ ছিল, কিন্তু ওয়ার্মআপ করতে যেয়ে সে ব্যথা পেয়েছে। যার পরিপ্রেক্ষিতে সে খেলতে পারেনি। কিন্তু আমাদের ফিটনেস ট্রেইনারের পর্যবেক্ষণে ইনশা আল্লাহ তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এবং সে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।’

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!