ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জাবেদসহ ৩৬ জনের মামলায় আরও ৪ সাক্ষীর সাক্ষ্য

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:১০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাবেদসহ ৩৬ জনের মামলায় আরও ৪ সাক্ষীর সাক্ষ্য
ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে করা মামলায় আরও চারজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ নিয়ে মামলাটিতে মোট ৫৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে চার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের জেরা শেষ হয়।

Advertisement

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, রোববার দুদকের পক্ষ থেকে চারজন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়। তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আগামী ৪ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ‘ভিশন ট্রেডিং’ প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখিয়ে ইউসিবি থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরে ওই অর্থ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার এবং সেই অর্থে সম্পদ কেনার অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব ঘটনা ঘটে।

এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরীসহ ব্যাংকটির সাবেক পরিচালক, কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়েছে।

২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদক মামলাটি করে। পরে তদন্তে আরও সাতজনের সংশ্লিষ্টতা পাওয়ার কথা উল্লেখ করে মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

মামলার ৩১ আসামির মধ্যে দুজন মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!