সে নিজে নিজে আত্মহত্যা করেছে: এমপি নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।
গাজী নজরুল বলেন, ‘ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। সে নিজে নিজে আত্মহত্যা করেছে।’
এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে একদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
.png)
রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাতে গাজী নজরুল ও মাকছুদাকে হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল, মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে গাজী নজরুল ও মাকছুদাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত গাজী নজরুলকে চার দিন এবং মাকছুদাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজী নজরুল বলেন, মরিয়ম কেন আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তিনি জানেন না। তিনি আবারও দাবি করেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।
শুনানির সময় গাজী নজরুল ও মাকছুদাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় মাকছুদাকে কিছুটা উদ্বিগ্ন দেখা গেলেও গাজী নজরুলকে স্বাভাবিক ছিলেন।
রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গাজী নজরুল ইসলাম।