ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান আইভীর

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ১৩ অক্টোবর ২০২৬
জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান আইভীর
ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় ফের জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন পান আইভী। উভয় পক্ষের শুনানি শেষে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ তার জামিন মঞ্জুর করেন।

এদিন সকাল ১০টা ৫৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলা আদালতে পৌঁছান সাবেক এই মেয়র। পরে কড়া পুলিশি পাহারায় তাকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক আইনজীবী, সাংবাদিক ও তার সমর্থক উপস্থিত ছিলেন।

শুনানি শেষে আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আইভী বলেন, ‘জয় বাংলা দাবিয়ে রাখা যাবে না।’

আদালতে যা বললেন আইনজীবীরা

শুনানিতে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, মামলাটিতে পুলিশ ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। তদন্তে বিস্ফোরকের কোনো আলামত কিংবা আইভীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

আইনজীবী আরও জানান, আদালতের নোটিশের পরও মামলার বাদী ও নিহত তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মিম হাজির হননি। এ অবস্থায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ এবং আইভীর পুনরায় জামিনের আবেদন করেন তারা।

অন্যদিকে, জামিনের বিরোধিতা করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন জানান, এ বিষয়ে নারাজি আবেদন করা হবে।

তবে পিপির এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোন আইনি বিধানের আওতায় তিনি নারাজি আবেদন করবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন আইভীর আইনজীবীরা।

পরে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেন।

তুহিন হত্যা মামলার পটভূমি

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্র্যাক ব্যাংকের সামনে নিহত হন রিকশাচালক তুহিন।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি এবং সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।

আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি হাইকোর্ট থেকে তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় জামিন পেয়েছেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!