ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে রিট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করতে সরকারের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। একই সঙ্গে দলটির সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধের নির্দেশনা চাওয়া হয়।
বুধবার (২৫ নভেম্বর) আদালতে রিটটি করা হয়।
রিটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি তাদের পরিচালিত সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধের নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়।
কয়েকজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে অ্যাডভোকেট এ এস এম শাহরিয়ার কবির রিট আবেদনটি দায়ের করেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত ও বর্তমানে শরীরে গুলি বয়ে বেড়ানো ‘জুলাই যোদ্ধা’ (হেলথ কার্ডধারী) এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেনসহ জনস্বার্থে ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে রিট আবেদনটি করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট ৯ জনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে যারা আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইছেন, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা ন্যায্যতা দিচ্ছেন এবং ‘জুলাই যোদ্ধাদের’ ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছেন- সেসব ব্যক্তি ও সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে পেনাল কোডের কয়েকটি ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসিকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দলটির সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করার পাশাপাশি সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও মদদদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশনা চাওয়া হয়েছে।