ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ আইন-আদালত ]

ডেমরায় মাইক্রোবাসচালক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ২৬ নভেম্বর ২০২৬
ডেমরায় মাইক্রোবাসচালক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
ফাইল ছবি

রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছয় বছর আগের এ ঘটনায় প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬-এর বিচারক নাজমুন নাহার নিপু এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার। তাদের মধ্যে লিপি আক্তার ও মাহবুব খান রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানাসহ তাদের কারাগারে পাঠানো হয়। পলাতক রাজন হাওলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া মামলার অন্য একটি ধারায় আসামিদের আরও সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সব সাজা একই সঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার শফি নেওয়াজ নাছির এসব তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত হারুনর রশিদ হাওলাদার পেশায় হাইয়েস মাইক্রোবাসচালক ছিলেন। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি।

পরদিন ২৪ নভেম্বর দুপুরে স্ত্রীর বোনের স্বামী কলিম শিকদারকে ফোন করে বিপদের কথা জানান হারুন। এ সময় বিকাশে টাকা পাঠাতে বলেন তিনি। তার কথামতো প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১৫ হাজার টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এরপর ২৫ নভেম্বর রাতে ডেমরার বামৈল বাঁশেরপুল এলাকায় গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের পাশে ডিএনডি খাল থেকে হারুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একটি খয়েরি রঙের ট্রলি ব্যাগের ভেতরে তার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় ২০২০ সালের ২৬ নভেম্বর নিহতের স্ত্রী লিলি বেগম ডেমরা থানায় হত্যা মামলা করেন।

২০২২ সালের ৩১ মে তদন্ত শেষে ডেমরা থানার উপপরিদর্শক মো. মোজাম্মেল হক তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২৩ সালের ২৭ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচারকালে ২৩ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!