ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে সাপে কাটার পর সাপ মেরে হাসপাতালে নিয়ে এলেন স্বজনরা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ২৬ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে সাপে কাটার পর সাপ মেরে হাসপাতালে নিয়ে এলেন স্বজনরা
রাজবাড়ীতে সাপ নিয়ে হাসপাতালে যুবক ছবি: ডেইলী বাংলাদেশ

রাজবাড়ীর কালুখালীতে সাপের কামড়ে আহত এক কিশোরকে হাসপাতালে নেওয়ার সময় সাপটি মেরে সঙ্গে নিয়ে আসেন স্বজনরা। কোন সাপে কামড় দিয়েছে, তা শনাক্ত করতে সাপটি হাসপাতালে নিয়ে আসেন তারা।

 

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর এলাকার একটি খাবারের হোটেলে এ ঘটনা ঘটে।

 

আহত কিশোর জীবন শেখ (১৪) ওই এলাকার আকমত শেখের ছেলে। সে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

 

জীবন শেখ জানায়, বাড়ি থেকে বাজারে গিয়ে একটি হোটেলে বসেছিল সে। এ সময় টেবিলের নিচ থেকে একটি সাপ তার পায়ে কামড় দেয়। কামড়ের পর পায়ে প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হয়। পরে স্বজনরা সাপটি মেরে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

 

আহতের চাচাতো ভাই আনিস বলেন, সাপে কামড় দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্বজনদের সহযোগিতায় সাপটি মেরে জীবনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

 

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের সহকারী সার্জন ডা. মিঠুন সূত্রধর বলেন, সাপটি দেখে প্রাথমিকভাবে গোখরার বাচ্চা বলে মনে হয়েছে। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিশোরের শরীরে এখন পর্যন্ত বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। কামড়ের স্থানেও তেমন ক্ষতি হয়নি। তাকে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

 

তিনি আরও বলেন, সাধারণত সাপে কাটার পর রোগীকে অন্তত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এ সময়ের মধ্যে বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা দিলে অ্যান্টিভেনম প্রয়োগ করা হবে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে এবং প্রয়োজন হলে তা প্রয়োগের প্রস্তুতি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!