ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
গোয়ালন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান খান, উপজেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান। এ ছাড়া বিভিন্ন পোল্ট্রি হ্যাচারি ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা বলেন, ‘প্রাণিসম্পদ খাতকে শুধু মাংস, দুধ ও ডিম উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রাণীর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, দাঁত, চামড়া ও লোমসহ অন্যান্য উপাদানও সঠিকভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। এসব উপাদান ব্যবহার করে ক্ষুদ্র ও কুটিরশিল্পসহ বিভিন্ন ধরনের হস্তশিল্প গড়ে তোলা সম্ভব। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও সম্প্রসারণ করা যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের উদ্যোগের সঙ্গে সমন্বয় রেখে প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানোর পাশাপাশি এ খাতকে আরও আধুনিক, সমৃদ্ধ ও রপ্তানিমুখী করে গড়ে তুলতে হবে। দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশের বাজারেও বাংলাদেশের প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে উৎপাদক ও খামারিরা যেন তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সে বিষয়টিও নিশ্চিত করা জরুরি।’
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সপ্তাহের আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করার বিষয়গুলো আরও গুরুত্ব পাবে বলে আশা করছি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।