ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

পদ্মার ২৪ কেজির এক পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ২৬ নভেম্বর ২০২৬
পদ্মার ২৪ কেজির এক পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায়
২৪ কেজীর পাঙ্গাস মাছ ছবি:ডেইলী বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয় জেলে ছাত্তার হালদারের জালে মাছটি ধরা পড়ে।

 

পরে জেলে ছাত্তার হালদারের কাছ থেকে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি কিনে নেন। প্রতি কেজি ২ হাজার ৭০০ টাকা দরে ২৪ কেজি মাছটির মোট দাম পড়ে ৬৪ হাজার ৮০০ টাকা।

 

মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত সম্রাট শাহজাহান শেখের নিজস্ব মৎস্য আড়তে নিয়ে আসা হলে বিশাল আকৃতির মাছটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ও মাছ ব্যবসায়ীরা ভিড় করেন। পদ্মায় এত বড় পাঙাশ ধরা পড়ার খবরে এলাকায় চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়।

 

ক্রেতা সম্রাট শাহজাহান শেখ জানান, পদ্মার এত বড় পাঙাশ মাছ কিনতে পেরে তিনি বেশ আনন্দিত। মাছটি একেবারে টাটকা থাকায় ভালো দাম দিয়ে কিনেছেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার এক কোরিয়া প্রবাসীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ২ হাজার ৭৫০ টাকা দরে মোট ৬৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট  বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকৃতির পাঙাশ, চিতল, কাতল ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণীয়।

 

তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ রাখার ফলে ইলিশের পাশাপাশি পাঙাশ, চিতল, কাতল, বোয়াল, রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। জেলে ও মৎস্যজীবীরা এসব নিয়ম মেনে চললে নদীতে মাছের উৎপাদন আরও বাড়বে। এতে তাঁরা অর্থনৈতিকভাবেও লাভবান হবেন।

ডেইলি-বাংলাদেশ/রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!