সাবেক এমপি নূর মোহাম্মদকে আবার গ্রেপ্তার দেখানো হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জুয়েল নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টার মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
রবিবার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৩ আগস্ট রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন জুয়েল। পরবর্তীতে চিকিৎসা শেষে তিনি নিজে বাদী হয়ে থানায় এই মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদের মদদ ছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
তদন্তের স্বার্থে এবং আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে তদন্তকাজে বিঘ্ন ঘটাতে পারেন—এমন শঙ্কার কথা উল্লেখ করে মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।