ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদক নির্মূলে কোনো আপস নয় : ডিআইজি আশরাফ আলী

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৫, ১৯ নভেম্বর ২০২৬
মাদক নির্মূলে কোনো আপস নয় : ডিআইজি আশরাফ আলী
ছবি- ডেইলি বাংলাদেশ

 

 

মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। তিনি বলেছেন, রাজশাহী রেঞ্জের ৭১ থানার অফিসার ইনচার্জকে (ওসি) একত্র করে এ বিষয়ে ওয়াদা করানো হয়েছে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের রুট পুরোপুরি নির্মূল করতে চান তারা।

 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডিআইজি মীর আশরাফ আলী বলেন, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না। পুলিশকে কখনোই আলাদা করে দেখার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ক্ষেত্রে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

 

পাবনার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ডিআইজি বলেন, আইনশৃঙ্খলার দিক দিয়ে পাবনা অনেক ভালো আছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।

 

অপরাধ প্রতিরোধ ও তদন্তে বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি। তিনি বলেন, প্রতিটি বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা স্থাপন করা উচিত, যাতে বাড়ির পাশাপাশি সামনের রাস্তার দৃশ্যও ধারণ করা যায়। এতে অপরাধ শনাক্ত করা এবং মামলা তদন্ত করা সহজ হবে। যেসব মামলার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে, তার বেশির ভাগ ক্ষেত্রেই সিসি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

সাংবাদিকদের উদ্দেশে ডিআইজি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ভালো কাজগুলো তুলে ধরতে হবে। সাংবাদিকরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। পুলিশের নেতিবাচক কাজের পাশাপাশি ভালো কাজগুলোও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

 

পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে মীর আশরাফ আলী বলেন, দুই পক্ষের মধ্যে আন্তরিক সম্পর্ক থাকা প্রয়োজন। রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে পুলিশ সুপাররা সাংবাদিকদের সঙ্গে আন্তরিক ও মিশুক আচরণে বিশ্বাসী।

 

মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!