গবেষণা-উদ্ভাবনে সহযোগিতা নিয়ে ঢাবি- বিশ্বব্যাংক আলোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল। রোববার (২৭ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, শিক্ষক প্রশিক্ষণ এবং হায়ার এডুকেশন, অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে হিট প্রকল্পের আওতায় নেওয়া বিভিন্ন উপপ্রকল্পের প্রস্তাব, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানো এবং আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।
.png)
এ সময় প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণালব্ধ জ্ঞানকে শিল্প ও সমাজের প্রয়োজন মেটাতে কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম সম্পর্কে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে অবহিত করেন। একইসঙ্গে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং গবেষণা সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে বিশ্বব্যাংকের এডুকেশন অ্যান্ড স্কিলস গ্লোবাল প্র্যাকটিসের প্র্যাকটিস ম্যানেজার শেরেজাদ মোনামি লতিফ, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান ও আবদুল হাই সোফিজাদা এবং পরামর্শক ড. মাহমুদ-উল-হক ও এস এম হাফিজ আল মামুন উপস্থিত ছিলেন।
এ ছাড়া হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ইউটিটিএ-এর ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলামসহ বিশ্বব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হিট প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের ‘মিড-টার্ম রিভিউ মিশন’-এর কার্যক্রম গত ২৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে। এর অংশ হিসেবেই বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করে।