সেনাবাহিনীর নারী সদস্য সেজে প্রবাসীদের সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার
বাংলাদেশ সেনাবাহিনীর এক নারী সদস্যের ছবি ও ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ইতালি প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে প্রায় ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা।
সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ, পিপিএম এসব তথ্য জানান।
.png)
পিবিআই জানায়, কেরানীগঞ্জ মডেল থানার দক্ষিণ বাঘবাড়ী এলাকার শাহনাজ বেগমের (৪৬) ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খানের (২২) সঙ্গে ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে একটি ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে যোগাযোগ শুরু করেন তোফায়েল।
অভিযোগ অনুযায়ী, সেনাবাহিনীতে কর্মরত এক নারী সদস্যের ছবি ও ভিডিও ব্যবহার করে এবং নারীর কণ্ঠে ফোনালাপের মাধ্যমে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে বিভিন্ন কৌশলে, বিশেষ করে মায়ের অসুস্থতার কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে আনুমানিক ৭ লাখ টাকা নেন।
পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শাহাদাত ও তার মা মামলা করেন।
মামলার পর পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদের তত্ত্বাবধানে গোপন তথ্যের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে তোফায়েল আলম টিটুকে গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়।
পিবিআই জানায়, তদন্ত ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, তোফায়েল নারীর কণ্ঠে কথা বলতে পারতেন। ইমো অ্যাপের মাধ্যমেও তিনি মেয়ের পরিচয়ে শাহাদাতের সঙ্গে যোগাযোগ করতেন বলে তদন্তে উঠে এসেছে।
পিবিআইয়ের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তোফায়েল প্রতারণার কথা স্বীকার করেছেন। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। পিসিপিআর পর্যালোচনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলায় একই ধরনের একটি প্রতারণার মামলা বিচারাধীন থাকার তথ্যও পাওয়া গেছে।
পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের প্রতারণা চক্রের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে সংস্থাটি কাজ করছে।