ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

ওয়েলসে পানিতে ডুবে ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৪২, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ওয়েলসে পানিতে ডুবে ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডন থেকে ওয়েলসে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ নাঈম ইসলাম (২০) নামে এক ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ২৬ সেপ্টেম্বর এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি লেকের পাড়ে ওযু করতে গিয়ে প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান নাঈম। সাঁতার না জানায় তিনি পানিতে তলিয়ে যান। এ সময় পাশে থাকা এক বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করে পানিতে ঝাঁপ দিলেও নাঈমকে খুঁজে পাননি।

Advertisement

পরে পুলিশকে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল প্রায় ১৩ থেকে ১৪ ঘণ্টা অনুসন্ধান চালিয়ে নাঈমের মরদেহ উদ্ধার করে।

নাঈমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে যুক্তরাজ্য ও বাংলাদেশে তার পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নাঈমের মামা মাওলানা সিদ্দিকুর রহমান জানান, লন্ডন থেকে দুই বাংলাদেশি বন্ধুকে নিয়ে ওয়েলসে বেড়াতে গিয়েছিলেন নাঈম। দুর্ঘটনার দিন রাত ১টার দিকে পরিবারের সদস্যরা তার পানিতে পড়ে যাওয়ার খবর পান।

খবর পেয়ে পূর্ব লন্ডন থেকে ওয়েলসের উদ্দেশে রওনা হন নাঈমের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম।

পরিবার সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর নাঈমের মরদেহ ওয়েলস থেকে লন্ডনে নেওয়া হতে পারে। তবে জানাজা ও দাফনের সময়-স্থান পরে জানানো হবে।

পরিবারের দ্বিতীয় সন্তান নাঈম যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তার বাবা কেন্দ্রীয় কৃষক দলের একজন সদস্য। তাদের গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!