ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার উদ্ধার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৭, ২৩ অক্টোবর ২০২৬
চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার চাটমোহরে অবৈধভাবে মজুতের অভিযোগে ১১৪ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পরে সারগুলো কৃষকদের কাছে সরকারি নির্ধারিত দামে বিক্রি করে পাওয়া ১ লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর কালীবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ‘মেসার্স চলনবিল এগ্রো এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ও কীটনাশক ব্যবসায়ী মো. মহাসিন আলমের মজুত করা সার নিয়ে সন্দেহ দেখা দিলে তারা প্রশাসনকে বিষয়টি জানান। খবর পেয়ে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ৮৪ বস্তা টিএসপি ও ৩০ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল। বিষয়টি জানার পর স্থানীয় কৃষকেরা সারগুলো আটকে রেখে প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শোয়েব রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সাঈদুর রহমান সাঈদ, চাটমোহর থানা পুলিশ ও হান্ডিয়াল তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ বলেন, উদ্ধার করা ৮৪ বস্তা টিএসপি ও ৩০ বস্তা এমওপি সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। বিক্রির ১ লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় অবৈধভাবে সার মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসিন আলমের কীটনাশকের ব্যবসা রয়েছে পার্শ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে। তার বাড়ি চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর কালীবাড়ি এলাকায় হওয়ায় সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!