পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের, আহত ২
পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) ও সেলিম মাহমুদ (৪০) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় জালালপুর-গয়েশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে। অন্যদিকে সেলিম মাহমুদ জালালপুর নতুনপাড়া এলাকার প্রয়াত মোজাফফর হোসেনের ছেলে। তিনি জালালপুর বাজারে মাছের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দ্রুতগতিতে চলা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নয়ন ও সেলিমকে মৃত ঘোষণা করেন।
আহত দুজনকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।