গোপন বন্দিশালায় তিন মাস, কারাগারে ৮০৮ দিন
মাত্র ২০ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন ইলিয়াস আহমেদ। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে ৮৮ দিন গোপন বন্দিশালায় আটকে রাখা হয়। পরে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। দীর্ঘ কারাবাস ও প্রায় নয় বছরের আইনি লড়াই শেষে আদালতে সব অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতেও তার অভিযোগ তালিকাভুক্ত হয়েছে। তবে এখনো মেলেনি রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা কিংবা পুনর্বাসন।
নথিপত্র ও ইলিয়াস আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৪ এপ্রিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামে তার জন্ম। বাবা আমির আলী। একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগে চাকরির সুবাদে গাজীপুরে বসবাস করতেন তিনি। ২০১৭ সালের ৪ মার্চ গাজীপুরের বাংলা বাজার এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন ইলিয়াসের পরিবার।
পরিবারের অভিযোগ, ৮৮ দিন নিখোঁজ থাকার পর ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় (নম্বর ৪০(০৫)২০১৭) তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের একটি মামলায় (নম্বর ২৪৩/২০১৮) তাকে ৮০৮ দিন কারাগারে থাকতে হয়। ২০১৯ সালের ৬ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
তবে জামিনে মুক্তি পেলেও শেষ হয়নি আইনি লড়াই। দীর্ঘ অপেক্ষার পর ২০২৬ সালের ২৬ এপ্রিল বিচারিক আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন।
অন্যদিকে, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে করা তার অভিযোগ যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত হয়েছে। এ-সংক্রান্ত স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭। তালিকায় তার ক্রমিক নম্বর ৩৯১ এবং রেজিস্ট্রেশন নম্বর ১৮৩৪।
ইলিয়াসের দাবি, গুম ও কারাবাসের কারণে তার শিক্ষাজীবন ও কর্মজীবনের স্বপ্ন ভেঙে গেছে। দীর্ঘদিন মামলা পরিচালনা করতে গিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছে তার পরিবারও।
ইলিয়াস বলেন, ‘আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন, গুম কমিশনেও আমার অভিযোগ গৃহীত হয়েছে। কিন্তু হারিয়ে যাওয়া নয়টি বছর, শিক্ষাজীবন ও সামাজিক সম্মান কে ফিরিয়ে দেবে? রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো সহযোগিতা বা পুনর্বাসন পাইনি।’
নিজের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছেন তিনি। দাবিগুলো হলো, সরকারিভাবে নির্দোষিতার স্বীকৃতি ও সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, গুম ও মামলায় জড়ানোর অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচার, যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং সম্মানজনক কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন।
আদালতে খালাস পাওয়ার পরও স্বাভাবিক জীবনে ফিরতে রাষ্ট্রীয় সহায়তা না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ইলিয়াস। তার মতে, দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটলেও হারানো সময় ও জীবনের ক্ষতি পুষিয়ে নিতে শুধু আইনি মুক্তি যথেষ্ট নয়, প্রয়োজন যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন।