খুলনায় খাদ্য পরীক্ষাগারের ভ্যান চুরির চেষ্টা, দুইজনের কারাদণ্ড
খুলনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরি ভ্যান (ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার) চুরির চেষ্টার দায়ে দুই যুবককে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে খুলনার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সংক্ষিপ্ত বিচারিক পদ্ধতিতে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রমজান শেখ (২৩) ও গোলাম রসুল (২৬)।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা মেট্রোপলিটন কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন জানান, খুলনা বিভাগীয় সিএসডি গুদামের বাউন্ডারির ভেতরে একটি টিনশেড গ্যারেজে মোবাইল ল্যাবরেটরি ভ্যানটি রাখা ছিল। রোববার সাতক্ষীরায় খাদ্য নমুনা পরীক্ষার কর্মসূচি থাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে চালক ভ্যানটি খুলনা সার্কিট হাউসে নিতে গ্যারেজে যান।
এ সময় গ্যারেজের ভেতর মানুষের কথাবার্তা শুনতে পেয়ে তিনি বিষয়টি নিরাপদ খাদ্য অফিসারকে জানান। পরে ওই কর্মকর্তা সিএসডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ম্যানেজারকে বিষয়টি অবহিত করেন। একপর্যায়ে নিরাপত্তাপ্রহরী ও কর্মচারীদের সহায়তায় গ্যারেজের ভেতর থেকে রমজান ও গোলাম রসুলকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক পর্যবেক্ষণে ভ্যানটির বিভিন্ন নিরাপত্তা লক, জেনারেটরের কেবল, সার্কিট ব্রেকার, মনিটরের লক, দুটি গ্লাস, ওপরের ভেন্টিলেশন ও সাউন্ড বক্স খোলা অবস্থায় পাওয়া যায়। পরে আটক দুজনকে খুলনার খালিশপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রাতে নিয়মিত মামলা করা হয়।
রোববার তাদের আদালতে পাঠানো হলে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় আদালত সংক্ষিপ্ত বিচারিক পদ্ধতিতে প্রত্যেককে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে উদ্ধার করা মালামাল নিরাপদ খাদ্য অফিসারের হেফাজতে দেওয়ার নির্দেশ দেন আদালত।