পাঞ্জাবি-লুঙ্গিতে মোড়ানো মানুষের মাথার খুলি ও হাড়গোড়!
গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের উচাভিটা এলাকার গভীর জঙ্গল থেকে এগুলো উদ্ধার করা হয়। মানুষের মাথার খুলি ও হাড়গোড় ঘিরে সবার মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে এক নারী বনের ভেতর লাকড়ি সংগ্রহ করতে যান। একপর্যায়ে একটি সাদা পাঞ্জাবি ও লুঙ্গিতে মোড়ানো কিছু একটা দেখতে পান। হাতে থাকা দা দিয়ে পাঞ্জাবি-লুঙ্গি সরিয়ে মাথার খুলি ও হাড়গোড় দেখতে পান। এরপর তিনি এসে স্থানীয়দের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে থানায় জানানো হলে পুলিশ এসে জঙ্গলের ভেতরে পড়ে থাকা মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে।
এ বিষয়ে শ্রীপুর থানার এসআই সাদিকুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গজারি বনের ভেতর থেকে মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এগুলো নারী না-কি পুরুষের এটা শনাক্ত করা যায়নি। এটা হত্যাকাণ্ড না-কি অন্য কোনও বিষয়, সেটাও এখনই বলা যাচ্ছে না।
.png)
ধারণা করা হচ্ছে- আনুমানিক চার থেকে পাঁচ মাস আগের ঘটনা এটি। মাথার খুলি ও হাড়গোড়, পাঞ্জাবি-লুঙ্গি উদ্ধার করে ফরেনসিক বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।