ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের নামে প্রতারণা, ৪ মাস সংসার করে মামলা খেলেন যুবক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪২, ২ এপ্রিল ২০২৪
বিয়ের নামে প্রতারণা, ৪ মাস সংসার করে মামলা খেলেন যুবক
ফাইল ফটো

চট্টগ্রামে প্রতারণার আশ্রয় নিয়ে এক নারীর সঙ্গে চার মাসের সংসার করার অভিযোগে মোহাম্মদ শাহীন নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মুমিনুন্নিসা খানমের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী নারী।

অভিযুক্ত মোহাম্মদ শাহীন সীতাকুণ্ড উপজেলার ভটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকার নাজিম চেয়ারম্যান বাড়ির মিজান নেজামীর ছেলে। ভুক্তভোগীর বাড়ি হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী এলাকায়।

মামলার বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খাঁন বলেন, আইন বহির্ভূতভাবে ও প্রতারণার আশ্রয় নিয়ে এক নারীর সঙ্গে চার মাসের সংসার করার অভিযোগে মোহাম্মদ শাহীনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। শুনানি শেষে মামলাটি গ্রহণ করে সীতাকুণ্ড থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

Advertisement

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতিবেশী এক তরুণীর মাধ্যমে মোহাম্মদ শাহীনের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে ভুক্তভোগীকে বিয়ের প্রস্তাব দেন শাহীন। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ১ অক্টোবর নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকায় একটি কাজী অফিসে কোনো সাক্ষী এবং আকদ ছাড়াই বিভিন্ন কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে বলে ভুক্তভোগীকে জানানো হয়। এরপর ৩ অক্টোবর কক্সবাজারের একটি হোটেলে স্বামী-স্ত্রী হিসেবে অবস্থান করেন তারা।

একই ছাদের নিচে সংসার শুরু করতে ধার হিসেবে ভুক্তভোগীর কাছ থেকে দুই লাখ টাকা গ্রহণ করেন শাহীন। গত ২৭ জানুয়ারি সীতাকুণ্ড উপজেলার ভটিয়ারী স্টেশন রোড এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন তারা।

সংসার চলাকালীন ভুক্তভোগী বিয়ের কাবিন চাইলে কালক্ষেপন করতে থাকেন শাহীন। সঙ্গে পাওনা দুই লাখ টাকা ফেরত চাইলে টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করেন তিনি। এর মধ্যে গত ২৩ ফেব্রুয়ারি ভুক্তভোগীর গর্ভের সন্তান নষ্ট করতে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন শাহীন। এতে ভুক্তভোগী পেটে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ভুক্তভোগীর সোনার কানের দুল ও ৩০ হাজার টাকা নিয়ে চলে যান শাহীন। পরে ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আঘাতের কারণে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে জানান চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!