ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডেকে নিয়ে খুন, ঈদের পাঞ্জাবি পরা হলো না মাহিনের

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৮, ১২ এপ্রিল ২০২৪
ডেকে নিয়ে খুন, ঈদের পাঞ্জাবি পরা হলো না মাহিনের
নিহত মাহিন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাজী আবিদুর রহমান মাহিন নামে এক মাদরাসাছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাহিন উপজেলার নিজগাঁও গ্রামে কাজী আব্দুল মতিনের ছেলে এবং শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা থেকে দাখিল ফলপ্রত্যাশী।

স্থানীয়রা জানান, ঈদের দিন রাত ৮টার দিকে দুই যুবক মাহিনের বাড়িতে এসে তাকে ডেকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পাশে দীঘির পাড়ে নিয়ে যায়। সেখানে এলোপাতাড়ি মারধর করে ফেলে যায়। পরে পথচারীরা মাহিনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতের স্বজনরা জানান, মোজাহিদ ও জুনাইদ নামে দুই যুবক মাহিনকে ডেকে নিয়ে হত্যা করেছে। তারা হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।

মাহিনের মা রোকেয়া বেগম বলেন, কয়েকদিন আগে মাহিনের সঙ্গে মোজাহিদ ও জুনাইদের ঝগড়া হয়। এজন্য মাহিন তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেই ক্ষোভে তারা ডেকে নিয়ে আমার ছেলেকে হত্যা করেছে।

তিনি আরো বলেন, মাহিন ঈদের আগেরদিন ফুটপাতের দোকান থেকে তিনটি পুরাতন পাঞ্জাবি কিনেছিল। সেগুলোর একটিও পড়তে পাড়েনি। খুনিরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম দাশ জানান, মাহিনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের তৎপরতা চালানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!