ভোলায় দুই ইউপি চেয়ারম্যানের পদত্যাগ
ভোলার লালমোহন উপজেলায় আসন্ন উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে অংশ নিতে দুই ইউপি চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তারা হলেন উপজেলার কালমা ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন ও চরভূতা ইউপি চেয়ারম্যান মো. আকতারুজ্জান টিটব।
বুধবার সকালে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। এই দুই ইউপি চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউএনও মো. তৌহিদুল ইসলাম।
জানা গেছে, গত ১৭ এপ্রিল তৃতীয় ধাপে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র ২ মে (বৃহস্পতিবার), মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে (রোববার), প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে (রোববার), ১৩ মে (সোমবার) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও আগামী ২৯ মে (বুধবার) লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
.png)
একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত লালমোহন উপজেলা। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৫৫৪ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪৭৮ জন।