প্রশাসনের জালে ভুয়া চিকিৎসক আটক
নেত্রকোণার মদনে প্রশাসনের অভিযানে সাধন কুমার মন্ডল নামের এক ভুয়া চিকিৎসককে আটক হয়েছে। শনিবার দুপুরে উপজেলার স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া তাকে আটক করেন।
আটককৃত ভুয়া ডাক্তার টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার শমসের চন্দ্র দাসের ছেলে।
জানা যায়, গত ৭ মার্চ থেকে মদন পৌরসভার স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সাধন কুমার মন্ডল বিভিন্ন রোগী দেখে আসছেন। এ পর্যন্ত তিনি ৩৩৫ জন রোগীর চিকিৎসা করেছেন।
.png)
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে একজন ডাক্তার নিজেকে মা, শিশু, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন।
এর সূত্র ধরে শনিবার দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। পরে কথিত ডাক্তার সাধন কুমার মন্ডলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মদন থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তায়েব হোসাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।