জুমার নামাজে যাওয়া হলো না দুই বন্ধুর
শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন।
শুক্রবার (১৭ মে) দুপুরে শ্রীবরদী-শেরপুর সড়কের ভারেরা তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কুড়িকাহনিয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হৃদয় (১৯) ও তারা মিয়ার ছেলে ফয়সাল মিয়া (১৭)। আহত তৌহিদ মিয়া (১৮) একই এলাকার মাসুম মিয়ার ছেলে।
.png)
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হৃদয়, ফয়সাল ও তৌহিদ বাড়ি থেকে বকশিগঞ্জে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছিলো। ভারেরা তিন রাস্তার মোড়ে এলে বিপরীত দিক আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেলের তিন আরোহী। পরে স্থানীয়রা উদ্ধার করে দুইজনকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হৃদয় ও ফয়সালকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, নিহত হৃদয় এবার এসএসসি পাস করেছে আর ফয়সাল দশম শ্রেণির ছাত্র। আহত তৌহিদ মাদরাসা থেকে হাফেজি শেষ করেছে।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।