ভুয়া এনআইডি বানিয়ে ২৪ বছর আত্মগোপনে, তবুও হলো না রক্ষা
বগুড়ায় আপন চাচাকে নির্মমভাবে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘ ২৪ বছর ধরে পলাতক ভাতিজা মো. আব্দুর রহিমকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃত আব্দুর রহিম জেলা ধুনট উপজেলার প্রতাব খাদুলী এলাকার খলিলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। রোববার রাতে জেলার শেরপুর থানাধীন সীমাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে র্যাব-১২।
সোমবার র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সহকারী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ধুনট থানার মামলা নং-৬, জিআর ১১২/৯৯ (ধুনট) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুর রহিম শেরপুর উপজেলার সীমাবাড়িতে অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে ১৯ মে রাতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন সীমাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুর রহিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আব্দুর রহিম ১৯৯৯ সালে তার আপন চাচাকে জমিজমার বিরোধ নিয়ে নির্মমভাবে হত্যা করে আত্মগোপনে চলে যান। আসামি নিজ পরিচয় গোপন করে ভুয়া এনআইডি তৈরি করে স্ত্রীসহ ঢাকায় বসবাস করতেন। দীর্ঘ ২৪ বছর পর র্যাবের তৎপরতায় তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।