হত্যা মামলার আসামি অস্ত্র-মাদকসহ গ্রেফতার
গাজীপুরের শ্রীপুরে গুলিতে নিহত ফরিদ হত্যা মামলার আসামি ইমরানকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমরান উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মোশারফ হোসেন মনসুরের ছেলে।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের দেয়া তথ্য মতে, গত ২১ মে রাতে টেপিরবাড়ী মাটির মসজিদ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফরিদ নামের এক যুবক গুলিতে নিহত হয়। সে মামলার এজাহার নামীয় আসামি ইমরান। তাকে ধরতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে তার বাসার ওয়ারড্রপ থেকে ১টি পিস্তল, ২টি তাজা গুলি, ১টি ম্যাগাজিন উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তার কাছ থেকে ২০০ ইয়াবাও উদ্ধার করা হয়।
.png)
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএইচ এম লুৎফুল কবির বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।