ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছুরি নিয়ে ভোটকেন্দ্রে যুবক, অতঃপর...

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ২৯ মে ২০২৪
ছুরি নিয়ে ভোটকেন্দ্রে যুবক, অতঃপর...
আটককৃত রেজাউল

চট্টগ্রামের বোয়ালখালীতে ছুরি নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে মোহাম্মদ রেজাউল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটককৃত রেজাউল ঐ উপজেলার কধুরখীল ইউনিয়নের নুরুল আলমের ছেলে।

বোয়ালখালী থানার ওসি আছহাব বলেন, এক যুবক ছুরি নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তাকে আটক করা হয়।

Advertisement

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের চার উপজেলা বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। চার উপজেলায় ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চার উপজেলায় ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পুলিশ, আনসার, র‍্যাব ও বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

চার উপজেলায় মোট ভোটার নয় লাখ ৬৯ হাজার ৬০১ জন। এরমধ্যে বোয়ালখালীতে রয়েছেন দুই লাখ ১০ হাজার ৩৪০ জন। এতে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ ১০ হাজার ৫৭৭ জন ও নারী ৯৯ হাজার ৭৬৩ জন। পটিয়ায় মোট ভোটার তিন লাখ ৩৪ হাজার ৫৪৫ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৭৫ হাজার ৭৩৮ জন ও নারী এক লাখ ৫৮ হাজার ৮০৬ জন। আনোয়ারায় ভোটার সংখ্যা দুই লাখ ৩৩ হাজার ১০৯ জন জন। এরমধ্যে পুরুষ এক লাখ ২৩ হাজার ৮৮৮ জন ও নারী এক লাখ ৯ হাজার ২২১ জন। চন্দনাইশে মোট ভোটার এক লাখ ৯১ হাজার ৬০৭ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ১ হাজার ৫৫১ জন ও নারী ৯০ হাজার ৫৬ জন।

চার উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩৫৬টি। এরমধ্যে বোয়ালখালীতে ৮৬টি, পটিয়ায় ১২৮টি, আনোয়ারায় ৭৪টি ও চন্দনাইশে ৬৮টি। চার উপজেলায় মোট বুথ সংখ্যা দুই হাজার ৩৫৭টি।

এর আগে, গত ৮ মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের তিন উপজেলা মীরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপে নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ ধাপে রাউজান উপজেলায়ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে সবকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!