ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন

দুই গ্রুপের হাতাহাতিতে ভোটগ্রহণ দেড়ঘণ্টা বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৩, ২৯ মে ২০২৪
দুই গ্রুপের হাতাহাতিতে ভোটগ্রহণ দেড়ঘণ্টা বন্ধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির জেরে একটি কেন্দ্রে দেড়ঘণ্টা বন্ধ ছিল ভোটগ্রহণ। দেড়ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

বুধবার (২৯ মে) উপজেলার হাইলধর ইউনিয়নের বশিরুজ্জামান স্মৃতি শিক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা এহসানুল হক বলেন, এক প্রার্থীর সমর্থক ভোট দিতে আসায় আরেক প্রার্থীর সমর্থকরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে কিছুটা উত্তেজনা তৈরি হলে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে দেড়ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Advertisement

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের চার উপজেলা বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশে ভোটগ্রহণ চলছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। চার উপজেলায় ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চার উপজেলায় ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পুলিশ, আনসার, র‍্যাব ও বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

চার উপজেলায় মোট ভোটার নয় লাখ ৬৯ হাজার ৬০১ জন। এর মধ্যে বোয়ালখালীতে রয়েছেন দুই লাখ ১০ হাজার ৩৪০ জন। এতে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ ১০ হাজার ৫৭৭ জন ও নারী ৯৯ হাজার ৭৬৩ জন। পটিয়ায় মোট ভোটার তিন লাখ ৩৪ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭৫ হাজার ৭৩৮ জন ও নারী এক লাখ ৫৮ হাজার ৮০৬ জন। আনোয়ারায় ভোটার সংখ্যা দুই লাখ ৩৩ হাজার ১০৯ জন জন। যার মধ্যে পুরুষ এক লাখ ২৩ হাজার ৮৮৮ জন ও নারী এক লাখ ৯ হাজার ২২১ জন। চন্দনাইশে মোট ভোটার এক লাখ ৯১ হাজার ৬০৭ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ১ হাজার ৫৫১ জন ও নারী ৯০ হাজার ৫৬ জন।

চার উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩৫৬টি। এর মধ্যে বোয়ালখালীতে ৮৬টি, পটিয়ায় ১২৮টি, আনোয়ারায় ৭৪টি ও চন্দনাইশে ৬৮টি। চার উপজেলায় মোট বুথ সংখ্যা দুই হাজার ৩৫৭টি।

এর আগে, গত ৮ মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের তিন উপজেলা মীরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপে নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ ধাপে রাউজান উপজেলায়ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে সবকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!