ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হকারদের হামলার শিকার ট্রেনের স্টুয়ার্ড, যাত্রীসহ আহত ৩

কুমিল্লা প্রতিনিধি 
প্রকাশিত: ২১:১৩, ১১ জুন ২০২৪
হকারদের হামলার শিকার ট্রেনের স্টুয়ার্ড, যাত্রীসহ আহত ৩
হামলার শিকার ট্রেনের দুই স্টুয়ার্ড

ট্রেনে উঠতে না দেওয়ায় উপকূল এক্সপ্রেসে ট্রেনের দুই স্টুয়ার্ডের (বেসরকারি অ্যাটেনডেন্স) ওপর হামলা করেছে হকাররা। মঙ্গলবার সকাল ৮টায় নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা লাকসাম জংশনে পৌঁছালে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের একজন যাত্রীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় আধাঘণ্টা বিলম্বে ছাড়ে ট্রেনটি। 

আহতরা হলেন, উপকূল এক্সপ্রেসের স্টুয়ার্ড শামিম আল আমিন ও রাহুল। এ সময় তাদের বাঁচাতে এগিয়ে আসা ওই ট্রেনের অন্তর নামে একজন যাত্রীও আহত হন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা লাকসাম জংশনের স্টেশন মাস্টার মো মাহবুবুর রহমান। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্টেশন মাস্টার মাহবুব বলেন, মঙ্গলবার সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস সকাল ৮টায় কুমিল্লা লাকসাম জংশনে পৌঁছালে হকাররা ট্রেনে প্রবেশ করতে চায়। এ সময় স্টুয়ার্ড শামিম ও রাহুল তাদের বাধা দিলে হকাররা সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা করে। এ সময় ট্রেনে থাকা অন্তর নামে এক যাত্রী তাদের সাহায্যে ছুটে গেলে তাকেও মারধর করে হকাররা। 

লাকসাম জংশনের স্টেশন মাস্টার মো. মাহাবুবুর রহমান আরো বলেন, আমরা এ ঘটনায় তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বার্তা পাঠিয়েছি। 

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার জানান, লিখিত অভিযোগ পেয়ে দুপুর ১২টার দিকে দু-জনকে আটক করে স্টেশনে বিশৃঙ্খলা করার অভিযোগে আদালতে প্রেরণ করেছি।

এদিকে দুই স্টুয়ার্ডের ওপর হামলার ঘটনায় তিন সদস্যদের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানান রেলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক ( ডিআরএম) সাইফুল ইসলাম। 

তিনি জানান, লাকসাম রেলওয়ে জংশনের নিরাপত্তা কর্মকর্তা সালামত উল্ল্যাহকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি রেলওয়ের নিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!