জুয়ার আসরে অভিযান, ৬ জুয়াড়ি গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গোপালপুর ইউপির রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গোপালপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের রাজ্জাকপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক, একই গ্রামের মোবারক উল্যার ছেলে নুর আলম, তাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন খোপ্পা, আব্দুস সাত্তারের ছেলে মো. সোহেল, আবুল কালামের ছেলে মোহাম্মদ রহিম ও আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকানে জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে ৬ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় ১ বান্ডেল তাস ও নগদ ২ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।