বন্ধুর হাতে প্রাণ গেল কিশোর গ্যাং নেতার
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকায় সাহেদ হোসেন ওরফে মনা নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সাহেদ একই থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় থাকতেন। তার বাড়ি মীরসরাই উপজেলার মায়ানি ইউনিয়নের পূর্ব মায়ানি গ্রামে।
নিহত সাহেদও পুলিশের তালিকাভুক্ত অপরাধী বলে জানা গেছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র, ডাকাতি ও দ্রুত বিচার আইনে আটটি মামলা রয়েছে। ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, কিশোর গ্যাং পরিচালনা, মাদক বিক্রিসহ নানা অপরাধকর্মের সঙ্গে সাহেদের সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি এসএম ওবায়েদুল হক বলেন, দীর্ঘদিন ধরে ভাতের হোটেল নিয়ে এক বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল সাহেদের। এর জেরে রোববার লোকজন নিয়ে সাহেদকে মারধর করেন সেই বন্ধু। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
নগর পুলিশের এসি (কোতোয়ালি জোন) অতনু চক্রবর্তী বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ১২ থেকে ১৫ জনকে শনাক্ত করেছি। ঘটনার সময় সেখানে অন্তত ২০ জন ছিল। এর মধ্যে সোমবার সকালে ফরহাদ ও সজীব নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের বাবার করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।