মাদকের টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ইমরান হোসেন নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় ইব্রাহিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গত সোমবার (২২ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমরান উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইমরান পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন। পাশাপাশি মাদক কারবারে জড়িত ছিলেন। এ কাজে তার সহযোগী ছিলেন একই এলাকার ইব্রাহিম ও ঝন্টু। মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সপ্তাহখানেক আগে ইমরানের সঙ্গে ঝন্টুর বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফোন করে ইমরানকে বাড়ি থেকে ডেকে আনেন ইব্রাহিম। তারা দুজন বকসিপুর গাঙপাড়া এলাকায় পৌঁছালে ইমরানকে ছুরিকাঘাত করেন ঝন্টু। এতে গুরুতর আহত হন ইমরান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হারদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, মাদক বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই সহযোগীদের হাতে পরিকল্পিতভাবে খুন হয়েছেন ইমরান।
নিহত ইমরানের বাবা মনিরুল ইসলামের দাবি, তার ছেলে মাদক কারবারে জড়িত ছিল না। তার ছেলেকে হত্যা করে তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার প্রচারণা চালানো হচ্ছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করে হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে।