ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সম্পদ অর্জনের তথ্য গোপন, মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ৩০ জুলাই ২০২৪
সম্পদ অর্জনের তথ্য গোপন, মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা

সম্পদ অর্জনের তথ্য গোপন করার অপরাধে নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার ওই মামলার এজাহারসহ প্রয়োজনীয় ডকুমেন্টস দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক মো. আল আমিন নড়াইল জজ আদালতের বিচারকের নিকট হস্তান্তর করেন।

এর আগে, ২৯ জুলাই যশোর স্পেশাল জজ আদালতে এ মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে রয়েছেন দুদকের সহাকারী পরিচালক মো. জালাল উদ্দিন।

Advertisement

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক মো. আল আমিন।

মামলার এজাহারের উল্লেখ করা হয়েছে, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকার সম্পদ অর্জনের বিষয়টি গোপন করে তথ্য প্রদান করেন। আঞ্জুমান আরা ১৯৮৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি লাভ করে ধারাবাহিকভাবে ২০০০ সালে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করেন। পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের জন্য ২০১৫ সালের ডিসেম্বর মাসে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। 

পরবর্তীতে তিনি ২০২১ সালের ৩০ জানুয়ারি নড়াইল পৌরসভার প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন। ২০১৩ সালের ১৯ মার্চ দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে আঞ্জুমান আরা নিজ নামে ৪টি দলিলমূলে ক্রয়কৃত নড়াইল সদর উপজেলা এলাকায় মোট ১২৭.৫ শতক ডাঙ্গা/ধানী জমি, ১২০০ বর্গফুটের দ্বিতল বাড়িসহ মোট ৫৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ থাকার তথ্য এবং অস্থাবর সম্পদ হিসেবে ৫টি ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত ৭ লাখ ১৭ হাজার ৭১২ টাকা ও সঞ্চয়পত্র ২৩ লাখ টাকা ও মোট ৩০ লাখ ১৭ হাজার ৭১২ টাকার অস্থাবরসহ সর্বমোট ৮৩ লাখ ৫৭ হাজার ২০২ টাকার সম্পদ থাকার তথ্য ঘোষণা করেন। 

অভিযোগটি যাচাইকালে তার নামে ৫৩ লাখ ৩২ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ ও ৬২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকায় অস্থাবর সম্পদসহ সর্বমোট ১ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ৯১০ টাকার সম্পদ থাকার তথ্য পায় দুদক। 

আঞ্জুমান আরা দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ১৮ হাজার ৬৯৮ টাকার সম্পদ থাকার তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, তদন্তকালে তার অপরাধের সঙ্গে অন্য কেউ জড়িত বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাকেও আমলে নেবে দুদক।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: দুদক নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!