ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্যান্সার আক্রান্ত স্কুলছাত্রী সামিয়া বাঁচতে চায়

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ৩১ জুলাই ২০২৪
ক্যান্সার আক্রান্ত স্কুলছাত্রী সামিয়া বাঁচতে চায়
ছবি: সংগৃহীত

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ১১ বছরের সামিয়া তাহসিনের আকুতি প্রায় প্রতিদিনই শুনতে হয় স্বজনদের। স্কুলে যেতে না পেরে হাঁসফাঁস ধরে গেছে। কতদিন ধরে স্কুলে যেতে পারে না! বাবা-মাকে শুধুই প্রশ্ন করে, ‘কবে স্কুলে যাব? আমার যে আর ভালো লাগে না!’  

দুঃখে চোখ ফেটে জল এলেও মুখ বুজে সব সইতে হয় তাদের। বাচ্চাটার সামনে কোনোভাবেই প্রকাশ করতে পারে না যে, সে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছে।

কীভাবেই বা বলবে অতটুকু বাচ্চাকে যে, চিকিৎসা না হলে বেশি দিন আর পৃথিবীর আলো দেখতে পাবে না সে! আর কোনো দিনই স্কুলে যেতে পারবে না। খুনসুটিতে মেতে উঠতে পারবে না বান্ধবীদের সঙ্গে। তার হাসি মুখটি আর কখনই মুক্তো ঝরাবে না, সুখে অন্তর ভরিয়ে দেবে না বাবা-মায়ের! 

Advertisement

প্রায় ৪ মাস আগে শারীরিক সমস্যা দেয় সামিয়ার। জ্বর জ্বর লাগে, মাথায় মাঝে মাঝে প্রচণ্ড ব্যথা হয়। ক’দিন ধরে বাঁ চোখটিও বুঁজে আসছে। জোর করেও তাকিয়ে থাকতে পারে না। দেখতেও পারছে না ঠিকমতো। চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। চলতি বছরের ২০ জুন ধানমণ্ডির গ্রিন লাইফ হাসপাতালে টিউমার অপসারণ করা হয়। বায়োপসি রিপোর্টে সামিয়ার ক্যান্সার ধরা পড়ে।

সামিয়ার বাবা মো. শুজাউদ্দীন সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের এক অতি সাধারণ দরিদ্র কৃষক। তার মা জোহরা খাতুন একজন গৃহিণী। চার ভাইবোনের মধ্যে সামিয়া তৃতীয়। সে স্থানীয় এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতে খুবই ভাল রেজাল্ট করে এসেছে। 

বোনের মধ্যে সবার বড়টি এইএসসি পরীক্ষার্থী। তার পরেরজন নবম শ্রেণিতে পড়ছে। সবার ছোট ভাই, সে দ্বিতীয় শ্রেণিতে পড়ছে। মেয়েটির ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে সামিয়ার পুরো পরিবার এখন দিশেহারা। 

সামিয়া প্রফেসর ডা. মো. ইউছুফ আলীর অধীনে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা বলেছেন, ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত ১৭টি কেমো ও ২৮টি রেডিও থেরাপি দিতে পারলে শিশুটি সুস্থ হয়ে যাবে। আর সেজন্য প্রয়োজন অন্তত ২০ লাখ টাকা। 

এরইমধ্যে সহায় সম্পত্তি বিক্রি করে সন্তানের চিকিৎসার জন্য প্রায় ছয় লাখ টাকা ব্যয় করেছেন সামিয়ার বাবা। চিকিৎসার বাকি খরচ জোগানো তার একার পক্ষে আর সম্ভব নয়। একদিকে সামিয়ার চিকিৎসা, অন্যদিকে স্কুল-কলেজ পড়ুয়া অন্যান্য সন্তানদের লেখাপড়া আর সংসার খরচ। উভয় দিকেই চরম নাজুক অবস্থা সুজাউদ্দীনের। একদিকে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে প্রাণপ্রিয় সন্তান, অপর দিকে বিপুল পরিমাণ টাকার জোগাড়ের অনিশ্চয়তা। 

এখন প্রাণপ্রিয় সন্তানকে বাঁচাতে সমাজের হৃদয়বান মানুষের দিকে তাকিয়ে আছেন সামিয়ার বাবা ও পরিবার। ২০ লাখ টাকা সামিয়াদের মতো পরিবারে অকল্পনীয় হলেও সমাজের সবাই মিলে এগিয়ে এলে এই পরিমাণ অর্থ জোগাড় হওয়া হয়তো অতটা কঠিন হবে না। প্রয়োজন শুধুই সামান্য একটু ভালোবাসা আর অন্তর থেকে সদিচ্ছা নিয়ে এগিয়ে আসা।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!