চট্টগ্রামে ফ্ল্যাটে বিদেশি নাগরিকের লাশ
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে অরুণা দা সিলভা নামে এক শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে ‘সানমার স্প্রিন ভিলা’ নামে একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে বিষয়টি জানাজানি হয় গতকাল বুধবার (৩১ জুলাই)।
অরুণা দা সিলভা এশিয়ান গ্রুপে কোয়ালিটি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার মৃত্যু ‘স্বাভাবিক’ বলে ধারণা করছে পুলিশ।
.png)
অরুণা দা সিলভার সহকর্মী নিকোলাস বিশ্বাস জানান, মঙ্গলবার সকাল ৭টায় ঘুম থেকে উঠে গৃহকর্মীকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় যেতে বলেন সিলভা। গৃহকর্মী যাওয়ার পর তাকে এক কাপ চা বানিয়ে দিতে বলেন। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে বেডরুমে শুয়ে পড়েন সিলভা। ১৫ মিনিট পর গৃহকর্মী চা নিয়ে বেডরুমে গিয়ে দেখেন- সিলভা বিছানায় শোয়া। কাডাকির পরও নড়াচড়া করছিলেন না।
গায়ে হাত দিয়ে শরীর ঠান্ডা দেখার পর নিচে গিয়ে সিলভার গাড়িচালককে ডেকে নেন গৃহকর্মী। গাড়িচালক পাশের একটি ফার্মেসি থেকে একজনকে ডেকে নিয়ে চেক করান। তিনি জানান- সিলভা মারা গেছেন।
খুলশী থানার ওসি নেয়ামত উল্ল্যাহ বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তারপরও ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।