সেতু ধস, আখাউড়া-কসবা সড়কে যান চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরো একটি সেতু আংশিক ধসে পড়েছে। ফলে আখাউড়ার সঙ্গে কসবা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এদিকে আরো একটি সেতু ঝুঁকির মধ্যে রয়েছে। এটি ধসে গেলে পৌর এলাকার দেবগ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা একেবারে অচল হয়ে পড়বে। কেননা ওই দুটি সেতু গ্রামটির প্রবেশ ও বাহির মুখে অবস্থিত।
সেতু দুটির পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি মাটি থেকে সরে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফলে কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
সরজমিনে গিয়ে জানা যায়, পৌর এলাকার দেবগ্রাম ও মোগড়া ইউনিয়নের নয়াদিলের সংযোগস্থলের সেতু বৃহস্পতিবার রাত ৯টা থেকে ঝুঁকির মধ্য পড়ে। সেতুর এক পাশের দেয়াল ধসে পড়লে আতঙ্ক দেখা দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা এসে গাছ ফেলে যোগাযোগ বন্ধ করে দেন।
এদিকে বৃহস্পতিবার বিকেল থেকে পৌর এলাকার দেবগ্রামে নতুন নির্মাণ হওয়া সেতুটির এক পাশ থেকে মাটি সরে যায়। এ অবস্থায় একপাশ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এখানেও দুটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মাটি সরে গেছে।
আখাউড়ার ইউএনও গাজালা পারভীন রুহি জানান, সেতুর বিষয়ে তিনি অবগত আছেন। ঝুঁকি থাকায় সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।