ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাঁশের বানা তৈরিতে ফিরেছে জাবরা গ্রামের সচ্ছলতা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ২৩ আগস্ট ২০২৪
বাঁশের বানা তৈরিতে ফিরেছে জাবরা গ্রামের সচ্ছলতা
বাঁশের বানা তৈরিতে ফিরেছে জাবরা গ্রামের সচ্ছলতা। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নে অবস্থিত জাবরা গ্রাম। তিন যুগ ধরে বাঁশ দিয়ে বানা তৈরি করছে ওই গ্রামের ২ শতাধিক পরিবার। এসব পরিবারের আয়ের প্রধান উৎস বানা তৈরির কাজ। স্থানীয়ভাবেও এর চাহিদা বেশ। সরবরাহ হয় দেশের ১৪টি জেলায়। চাহিদার সঙ্গে বাড়ছে বানা তৈরি এবং সরবরাহ।

জাবরা গ্রামের মাদারী রাজবংশী নামে এক ব্যক্তির হাত ধরে তিন যুগ আগে শুরু হয় বানা তৈরি। বর্তমানে গ্রামটির ২ শতাধিক পরিবার প্রতিদিন নানা আকারের ৫০ থেকে ৬০ পিস বাঁশের বানা তৈরি করে। বানা তৈরি ও বিক্রিকে কেন্দ্র করে প্রতিমাসে ওই গ্রামে লেনদেন হয় প্রায় ২৫ লাখ টাকার।

সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি পরিবারের সদস্যরা বাঁশের বানা তৈরিতে ব্যস্ত। বাড়ির নারীরা বসে না থেকে ঘর-গৃহস্থালির কাজ শেষে যোগ দেন পুরুষদের সঙ্গে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামটিতে চলছে বানা তৈরির কাজ। এখানে স্বামীর রোজগারের পাশাপাশি গৃহবধূরা সংসার খরচের টাকা আয় করছেন। পাশাপাশি সন্তানদের শিক্ষিত করে তোলার কাজেও সহায়তা করছেন। এ শিল্পকে তারা তাদের জীবন-জীবিকা নির্বাহের চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। গ্রামে এখন আর বেকার বলতে কেউ নেই, এমনটাই দাবি করেন ওই গ্রামের বাসিন্দারা।

শ্রমিক সোলায়মান মিয়া বলেন, ২ বছর ধরে এই বানা তৈরির সঙ্গে জড়িত। আমি এখানে স্থায়ীভাবে কাজ করি। আমার বেতন মাসে ১৭ হাজার টাকা। বানা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি একধরনের বাঁধ। যা খাল-বিল, পুকুরের মাছ সংরক্ষণসহ পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন ফসল সংরক্ষণেও ব্যবহার হয়। মাটিতে বিছিয়ে এর ওপর পেঁয়াজ রাখলে দীর্ঘদিন ভালো থাকে। আমাদের এখানকার বানার চাহিদা বেশ।

পুরুষের পাশাপাশি পরিবারের নারী সদস্যরাও বানা তৈরির কাজ করেন। রুপা রাজবংশী নামের এক গৃহবধূ বলেন, আমার বিয়ে হয়েছে ১৫ বছর। শ্বশুরবাড়ি আসার পর থেকেই শাশুড়ির সঙ্গে এই কাজ করি। বাড়তি কিছু অর্থ উপার্জন হয়। সেই টাকা দিয়ে ছেলে-মেয়ের পড়াশোনার জন্য খরচ করি।

প্রতিদিন ঘরের কাজের পাশাপাশি দুটি বানা তৈরি করা যায় বলে জানিয়েছেন দেবী রানি। তিনি বলেন, এতে গড়ে দিনপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে আয়ত্ত করে নিয়েছি। এই কাজ করে আমার পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা এসেছে।

ভাই ভাই ট্রেডার্সের মালিক কমল রাজবংশী বলেন, ২০০ পরিবার এই বানা তৈরির কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এখানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজ করে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব বানা চলে যাচ্ছে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, পাবনা, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোণা, নরসিংদীসহ প্রায় ১৪টি জেলায়। আকারভেদে প্রতিটি বানা বিক্রি হয় ৫০০ থেকে ১৮০০ টাকায়। বানা তৈরি ও বিক্রিকে কেন্দ্র করে প্রতিমাসে এই গ্রামে লেনদেন হয় প্রায় ২৫ লাখ টাকা।

গ্রামীণ এই কুটির শিল্পের সার্বিক সহায়তার কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পুরুষের পাশাপাশি পরিবারের নারী সদস্যরাও বানা তৈরির কাজ করেন ওই গ্রামের বাসিন্দারা। তাদের এই আয় গ্রামীণ অর্থনীতিতে বেশ ভূমিকা রাখছে। এই কাজের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের সরকারিভাবে সুযোগ-সুবিধার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!