জানা গেছে, শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে আসা হেলিকপ্টারটি পাবনার আতাইকুলা যাওয়ার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করে। আধা ঘণ্টা অবস্থানের পর হেলিকপ্টারটি গন্তব্যে যাত্রা করে।
স্থানীয় বাসিন্দা ও ঠিকাদার মকবুল হোসেন জানান, বিকেলে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এ সময় খুব নিচ দিয়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। এর কিছু সময় পর জানতে পারেন মাঠের মধ্যে সেটি জরুরি অবতরণ করেছে। এ সময় এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
.png)
সাঁথিয়া ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দাসুদেব সরকার জানান, তারা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই হেলিকপ্টারটি গন্তব্যে উড়াল দেয়।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, হেলিকপ্টারটি আকিজ গ্রুপের। ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে আতাইুকলায় তাদের কারখানা রয়েছে। সেখানে যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাইলট এটিকে জরুরি অবতরণ করান।
তিনি আরো বলেন, খবর পাওয়ার পরই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। হেলিকপ্টার বা এর যাত্রীর কোনো ক্ষতি হয়নি। কিছু সময় অপেক্ষার পর হেলিকপ্টারটি গন্তব্যে চলে যায়।