ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এইচএসসিতে উত্তীর্ণ ‘শহিদ আফনান’, অঝোরে কাঁদছেন মা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৬, ১৫ অক্টোবর ২০২৪
এইচএসসিতে উত্তীর্ণ ‘শহিদ আফনান’, অঝোরে কাঁদছেন মা
শহিদ আফনান পাটোয়ারী। ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শহিদ সাদ আল আফনান পাটোয়ারী ২০২৫ সালে কুমিল্লা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শহিদ আফনানের শিক্ষাপ্রতিষ্ঠান ভিক্টরি কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ। ছেলের এমন ভালো রেজাল্ট পেয়েও মনে আনন্দ নেই মা নাসিমা আক্তারের। রেজাল্ট পাওয়ার পর অঝোরে কাঁদছেন তিনি। শূন্যতা অনুভব করছেন তার সহপাঠী বোন পরিবার পরিজন ও শিক্ষকরা।

শহিদ আফনান পাটোয়ারী লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি লক্ষ্মীপুর পৌর শহরের প্রান্তনগর গ্রামের মৃত সালেহ আহমেদের ছেলে।

Advertisement

বৈষম্যবিরোধী আন্দোলনে লক্ষ্মীপুরের সমন্বয়ক আরমান হোসেন বলেন, শহিদ আফনান জিপিএ ৪.১৭ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছেন। এতে প্রমাণ হয়েছে, প্রকৃত মেধাবিরাই এ আন্দোলন করেছেন।

কান্নাজড়িত কণ্ঠে মা নাছিমা আক্তার বলেন, আমার আদরের সন্তান আফনানের ভালো ফলাফল আমার কাছে খুশির খবর। কিন্তু যাকে নিয়ে আমি আনন্দ উদযাপন করব, সে তো আর আমার কাছে নেই। গুলি করে আমার ছেলেকে মেরে ফেলেছে খুনিরা। আমার কোল খালি করে দিয়েছে তারা।

লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, শহিদ আফনান ভালো ফলাফল করেছে। এটি আনন্দের। কিন্তু সে তো আমাদের মাঝে নেই। তার ফলাফল শুনে আনন্দিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। আমাদের মন ভারাক্রান্ত হয়ে পড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় আফনান। পরে ১৪ আগস্ট আফনানের মা নাছিমা আক্তার বাদী হয়ে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুকে প্রধান করে হত্যা মামলা করেন। মামলায় ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।

পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, শহিদ আফনানের হত্যাকারীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে। এরইমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এজাহারভুক্ত আসামিরা পালিয়ে আছেন। তাদের গ্রেফতারে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!