ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৬, ২৭ অক্টোবর ২০২৪
গভীর রাতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ফাইল ফটো

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গভীর রাতে চোর সন্দেহে গণপিটুনিতে জাহাঙ্গীর আলম নামে যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রাতে মিরপুর থানার আমবাড়ীয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার কেদানগর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি আব্দুল আজিজ।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গভীর রাতে উপজেলার নতুন সুতাইল গ্রামের অটোরিকশা চালক আমিরুল ইসলামের বাড়িতে চুরি করতে ঢোকেন ওই যুবক। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে জাহাঙ্গীরকে ধরে ফেলেন। একপর্যায়ে জাহাঙ্গীরকে গণপিটুনি দেন তারা। এতে  মারা যান জাহাঙ্গীর। পরে স্থানীয়রা জাহাঙ্গীরের মরদেহ পাশের একটি মাঠে ফেলে রাখেন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

ওসি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এলাকাবাসীর দাবি, জাহাঙ্গীর চুরি করতে এসেছিলেন। তবে মৃত্যুর বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!