ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ৫ নভেম্বর ২০২৪
বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সফিপুর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাম্প্রতিক সময়ে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করছে। সেই ধারাবাহিকতায় সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সফিপুর কাঁচাবাজারে উপস্থিত হন। অভিযানের একপর্যায়ে এক নম্বর গলির ভেতরে ঢুকে দোকানগুলোর মূল্য তালিকা পর্যবেক্ষণ করেন এবং আরিফ হোসেন ও রাজু নামে দুই দোকানদারকে মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় চালান না থাকায় জরিমানা করেন। এতে দোকানদার ও স্থানীয় ছাত্রদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

Advertisement

এ সময় স্থানীয় কয়েকজন দোকানদার ক্ষুব্ধ হয়ে দোকান থেকে বেরিয়ে আসেন এবং পুলিশ সদস্য ও ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা ভূমি অফিসের কর্মকর্তাদের ওপর হামলা চালান। পরিস্থিতি গুরুতর হলে উপস্থিত পুলিশ সদস্যরা ও কর্মকর্তারা দ্রুত স্থান ত্যাগ করেন। এ সময় কিছু স্থানীয় দোকানদার ও সাধারণ জনগণ অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে জানা যায়।

একজন স্থানীয় বাসিন্দা জানান, মূল্য বৃদ্ধির বিষয়ে প্রশাসনের অভিযান অবশ্যই প্রশংসনীয়। তবে জরিমানা করার সময় সঠিকভাবে বিষয়টি ব্যাখ্যা করা হলে হয়তো এমন বিশৃঙ্খলা সৃষ্টি হতো না।

কালিয়াকৈর থানার পরিদর্শক জাফর আলী খান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাগুলো উপস্থিত হয়ে জানান, বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ চালু থাকবে। কোনোভাবেই আইনের শৃঙ্খলা বিনষ্টের ঘটনা মেনে নেয়া হবে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কালিয়াকৈর উপজেলা নিবার্হী অফিসার কাউসার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বাজারে প্রশাসনিক অভিযান চলাকালে বাধার সৃষ্টি এবং দায়িত্ব পালনরত কর্মকর্তাদের লাঞ্ছিত করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তদন্ত করছি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!