সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলা, গ্রেফতার ৪
সুনামগঞ্জের দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও মন্দির ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) ও শাজাহান হোসেন (২০)।
শনিবার পুলিশ সদর দফতরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
.png)
প্রেস উইং জানায়, পুলিশ সদর দফতর থেকে বলা হয়েছে, ৩ ডিসেম্বর সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে আকাশ দাস (২০) তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেন।
পোস্টটি ডিলিট করা হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা-পুলিশ আকাশ দাসকে ঘটনার দিন আটক করে এবং সেই সময় স্থানীয় লোকজন আকাশ দাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার জন্য চেষ্টা করেন। নিরাপত্তার স্বার্থে তাকে দোয়ারাবাজার থানায় না নিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঐদিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধন করে। পরে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৭০ জনের বিরুদ্ধে মামলা করেছে।