কলাপাড়ায় জাল টাকাসহ তরুণ আটক
পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার টাকার ১৪টি জাল নোটসহ মো. ওহিদুল নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওহিদুল উপজেলা সড়কের ‘মনিরুল ভ্যারাইটিজ’ নামক একটি দোকানে যান এবং ১৪ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর চেষ্টা করেন। টাকাগুলো হাতে নেয়ার পর দোকান মালিক মনিরুলের সন্দেহ হয় এবং তিনি সেগুলো জাল হিসেবে শনাক্ত করেন। তাৎক্ষণিকভাবে তিনি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওহিদুলকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওহিদুলের সহযোগী এবং এই জাল নোট চক্রের মূলহোতা মেহেদী হাসান কৌশলে পালিয়ে যায়।
.png)
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, আসন্ন ঈদকে সামনে রেখে জাল নোট চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে এবং এই চক্রের সব সদস্যকে গ্রেফতারে পুলিশ মাঠে তৎপর রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।